চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ধরমপুর মাদ্রাসা মোড়ে বাকিতে সিগারেট না পেয়ে এক কিশোর দোকানদারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাফিজুলের ছেলে মারুফ (১৪)-এর চা-সিগারেটের দোকানে গিয়ে একই গ্রামের রুনুর ছেলে মেহেদী সিগারেট বাকিতে চান। দোকানদার বাকিতে সিগারেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে সারুফকে ছুরিকাঘাত করে মেহেদী। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আ. ওয়াজিদ ফরহাদ জানান, আহতের বাম হাতের কনুইয়ে আঘাত রয়েছে এবং কোমরের পাশ দিয়ে পেটে ছুরি বিদ্ধ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের আশঙ্কায় স্বাস্থ্য কমপ্লেক্সে ছুরিটি বের করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, আহতের পরিবারকে আইনগত সহায়তা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।