নওগাঁর পোরশায় চলতি মৌসুমে ৯শ কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে। এ উপজেলার সর্বত্রই এখন আমের ব্যবসা জমজমাট। গাছ থেকে আম নামানো ও বাজারজাত করা নিয়ে ব্যাস্ত সময় পার করছেন বাগান মালিক, ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকরা।
পোরশা উপজেলায় সবচেয়ে বেশি চাষ হচ্ছে ‘আমরুপালী’। এরসাথে বারিফোর, কার্টিমন, ব্যানানা ম্যাংগো, গোপালভোগ, হিমসাগর বা খিরসাপাত, ল্যাংড়া, ফজলি ও আশ্বিনাসহ নানান জাতের সুস্বাদু আম। ইতোমধ্যে বাগান থেকে শেষ হয়েছে গোপালভোগ ও হিমসাগর বা খিরসাপাত আম। ল্যাংড়াও শেষের দিকে। এখন পুরোদমে কেনা-বেচা চলছে এ এলাকার জনপ্রিয় আম আমরূপালী।
উপজেলার আমের বাজার নোচনাহার, পোরশা সদর, সারাইগাছীসহ বিভিন্ন আম বাজারে প্রতিদিন গড়ে ২০-২৫ লাখ টাকার আম কেনাবেচা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনূর রশিদ জানান, পোরশা উপজেলায় ১০ হাজার ৬৫০ হেক্টর আবাদী জমিতে আম বাগান তৈরি হয়েছে। এসব বাগান থেকে এ বছর ১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার অনুযায়ী এখানে আম বিক্রি ৯শ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও তিনি আশা করেছেন।