সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি বহপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের (ইনডেক্স নং-R251036) একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলতে দেখা যায়। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত ও এমপিও স্থগিত করা হয়েছে।
শনিবার শিক্ষা-মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক জানান, ওই শিক্ষকের বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
যেহেতু এ ধরনের কর্মকাণ্ড আপত্তিকর, অনৈতিক ও আইন-বহির্ভূত তাই এতে শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে । তাই এ ধরনের শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করা হয়েছে। এ বিষয়ে শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটি আদেশ জারি করা হয়েছে।
এছাড়া একই দিনে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নুকালী বহপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবরিনা শারমিন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে-প্রধান শিক্ষক মো. রুহল আমিন সাময়িক বরখাস্ত হওয়ায় বিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও শিক্ষা কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ধারা ১৩ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট স্মারক মোতাবেক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদকে (ইনডেক্স নং-R251035) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।