বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির এক নেতাকে সাংগঠনিক সভা, লিখিত রেজল্যুশন ও দলের সাধারণ সম্পাদককে অবহিত না করেই বহিষ্কারের অভিযোগ উঠেছে। ২৪ এপ্রিল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে জাহিদুর রহমানকে বহিষ্কার করা হয়। তিনি উপজেলা বিএনপির সদস্য এবং আমরুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
তবে এই বহিষ্কার আদেশের বিরুদ্ধে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এক বিবৃতিতে বলেন, ‘এ ধরনের কোনো বহিষ্কারের সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনা হয়নি। এ বিষয়ে কোনো সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়নি এবং কোনো লিখিত রেজল্যুশনও গৃহীত হয়নি। এমনকি দলের সাধারণ সম্পাদক হিসেবে বিষয়টি আমাকেও জানানো হয়নি। ফলে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়মনীতি উপেক্ষা করে ব্যক্তিগত সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।’
জাহিদুর রহমান বলেন, ‘আমি দলের সিদ্ধান্তকে সব সময় সম্মান করি। কিন্তু কোনো কারণ দর্শানোর নোটিশ, সাংগঠনিক আলোচনা কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এভাবে বহিষ্কারের ঘোষণা দেওয়া সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ‘
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন, ‘জেলা বিএনপির সভাপতির নির্দেশে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে জাহিদুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎও জানেন। তবে তিনি কেন বিবৃতি দিলেন আমার জানা নেই।’
এ বিষয়ে বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুত বলেন, বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির কথা উল্লেখ নেই। এ ধরনের বহিষ্কার দলের নিয়মনীতি ভঙ্গ করা।
জেডএম