চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মঙ্গলবার বিকেল ৬টা ও সোয়া ৬টার দিকে লাশ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত রিফাত আলী (১৬) সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজীপাড়ার জেম আলীর ছেলে ও রাসেল (১৭) ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে। দুজনেই ওই এলাকার সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, পদ্মা নদীর আলীমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, ৬টার দিকে রিফাত ও সোয়া ৬টার দিকে রাসেলের লাশ উদ্ধার করা হয়।
এদিকে অন্যদিকে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হোন সাকিরুল ইসলাম নামে এক যুবক। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
সাকিরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।
জেডএম