সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার রাতে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার ওভার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পাবনা জেলার আমিনপুর থানার হরিনাথপুর গ্রামের জীবন চন্দ শীলের ছেলে ও মাইক্রোবাসচালক মানিক চন্দ্র শীল (৪২) ও একই গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রোবাস যাত্রী মুনছুরুল আলম বাবুল (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ বলেন, রাতে যাত্রীবাহী একটি মাইক্রোবাস পাবনার দিকে যাচ্ছিল। ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ওভার ব্রিজ এলাকায় মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিমেন্ট বোঝাই ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে তিনজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে গেছেন বলে জানিয়েছে ওসি।