পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে এসো গড়ি নতুন দেশ। বুধবার দুপুরে উপজেলার কানাইকান্দর স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। আয়োজকরা শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. নাদিম মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ১০ নং শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান মিজান।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন শিহাব, দপ্তর সম্পাদক সোহেল রানা, শিক্ষক গোলাম হোসেন, ফয়জুল হক শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ক্রমবর্ধমান তাপমাত্রা, বায়ুদূষণ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগাতে হবে। তারা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের জন্যই নয়, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলো বড় করে তোলার আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।