হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

সবুর শাহ্ লোটাস, বগুড়া

ছবি: সংগৃহীত

আইনি শর্ত ও জনসংখ্যার মাপকাঠি পূরণ না হওয়া সত্ত্বেও বগুড়ার ১১ উপজেলায় পৌরসভা বানিয়েছে বিগত সরকারগুলো। সর্বশেষ শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরের তোড়জোড় চলছে। এটি হবে জেলার ১২তম পৌরসভা।

গত ২৩ জুন মন্ত্রণালয়ের উপসচিব আশফিকুন নাহার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেন। এতে মোকামতলা ইউনিয়নের ভাগকোলা, চকরামচন্দ্রপুর, কাশিপুর, লস্করপুর, লক্ষ্মীপুর, শঙ্করপুর, চাকলমা, মুরাদপুর, মালাহার ও চকপাড়া মৌজা নিয়ে পৌরসভা করার প্রজ্ঞাপন হয়। এতে উল্লেখ করা হয়েছে, শহর ঘোষণার প্রস্তাবের বিরুদ্ধে কারো আপত্তি থাকলে এক মাসের মধ্যে তা লিখিতভাবে জানাতে হবে। অন্তর্বর্তী সরকারের আমলেও স্থানীয় প্রশাসন মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু সরকার তা গ্রহণ করেনি। পরে বিএনপি ক্ষমতায় আসার পর আরো একটি প্রস্তাব পাঠানো হয়।

মোকামতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগম বলেন, এটি বাণিজ্যিক এলাকা, এখানে ব্যবসা-বাণিজ্য বেশি হয়। এজন্য আমরা পৌরসভা হওয়ার জন্য আবার আবেদন করেছি মন্ত্রী (প্রতিমন্ত্রী) মীর শাহে আলমের কাছে।

তিনি আরো বলেন, পৌরসভা আইন অনুযায়ী অবশ্য এই আবেদন গ্রহণের সুযোগ ছিল না। স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ অনুযায়ী কোনো এলাকাকে শহর ঘোষণা করতে হলে চারটি শর্ত পূরণ হতে হয়। সেগুলো হলো– তিন চতুর্থাংশ ব্যক্তি অকৃষি পেশায় নিয়োজিত থাকতে হবে, শতকরা ৩৩ ভাগ ভূমি অকৃষি প্রকৃতির হতে হবে, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে (কিমি) দেড় হাজারের বেশি থাকতে হবে এবং জনসংখ্যা ৫০ হাজারের কম হবে না।

মোকামতলা ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে ২০১১ সালের জনশুমারি অনুযায়ী জনসংখ্যা দেওয়া আছে ৩০ হাজার ২৮৮ জন।

বর্তমান জনসংখ্যা কত এই প্রশ্নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগম আমার দেশকে বলেন, ৪০ হাজারের কাছাকাছি হবে। পৌরসভার অন্তর্ভুক্ত ২০ হাজারের বেশি হবে না।

তবে ইউনিয়নের পুরো এলাকা নিয়ে পৌরসভা করার উদ্যোগ নেওয়া হয়নি। ২৪টি মৌজার মধ্যে ১০টিকে বেছে নেওয়া হয়েছে।

মোকামতলা ঢাকা-দিনাজপুরে মহাসড়কের পাশে একটি ব্যবসা কেন্দ্র। আশপাশের এলাকায় উৎপন্ন হয় আলু ও ধান। সবজির পাইকারি বিক্রয় কেন্দ্রও আছে। এর বাইরেও আছে অন্যান্য ব্যবসা। তারপরেও জনসংখ্যার তিন-চতুর্থাংশ অকৃষিজীবী নয়।

ফাহিমা জানান, তার এলাকার ৫০ শতাংশ মানুষ ব্যবসায়ী, বাকি অর্ধেকের মধ্যে কৃষিজীবীই বেশি। তবে চাকরিজীবীও আছে। বাণিজ্যিক কেন্দ্র বলে সেখানে সরকারি-বেসরকারি ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজও আছে। গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, টিএমএসএসের মতো বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যক্রমও আছে এই এলাকায়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউর রহমানকে প্রশ্ন করলে তিনি বলেন, পৌরসভায় উন্নীত হওয়ার আবেদনের বিষয়টি জনপ্রতিনিধিদের আবেদন থাকে। আর সে আবেদনটা আমরা মন্ত্রণালয়ে পাঠাই।

শর্ত পূরণ ছাড়াই পৌরসভা

বগুড়ায় বিগত দিনে যে ১১টি পৌরসভা হয়েছে, সেখানেও শর্ত উপেক্ষার উদাহরণ দেখা যায়। ২০০০ সালে প্রতিষ্ঠিত কাহালু পৌরসভার জনসংখ্যা ২৬ বছর পর এসে ২২ হাজারের কিছু বেশি বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ আছে।

সারিয়াকান্দি পৌরসভার জনসংখ্যা ১৭ হাজারের কিছু বেশি, আয়তনও চার বর্গকিমির কম। নন্দীগ্রামের জনসংখ্যা ১৭ হাজারেরও কম।

সোনাতলা পৌরসভার ওয়েবসাইটে লেখা আছে, এই পৌরসভার মধ্যে উল্লেখযোগ্য ধান চাষ হয়। এছাড়া গম, মরিচ, পাট, আখ ও সরিষা ছাড়াও বিভিন্ন ধরনের সবজি এবং কলা চাষ হয়ে থাকে। এই পৌরসভার জনসংখ্যাও ২২ হাজারের কম বলেই উল্লেখ আছে।

শিবগঞ্জ পৌরসভার জনসংখ্যা ২৫ হাজারেরও কম। জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী দুপচাঁচিয়া পৌরসভার জনসংখ্যা ২৯ হাজারও ছিল না। একই উপজেলার তালোড়া পৌরসভার জনসংখ্যা ২০ হাজারের কিছু বেশি।

‘সি’ ক্যাটাগরির এসব পৌরসভা আর ইউনিয়ন পরিষদের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বগুড়ায় সুশাসনের জন্য প্রশাসনের (সুপ্র) সাধারণ সম্পাদক কেজিএম ফারুক। তিনি বলেন, ইউনিয়ন মেম্বারের বদলে কমিশনার আর চেয়ারম্যানের বদলে মেয়র বলা যায়, এই যা।’

খুশি এলাকাবাসী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকা যে দুটি উপজেলা নিয়ে গঠিত, তার একটি মোকামতলা। তিনি ক্ষমতায় আসার পরই উপজেলাটি গঠিত হয়। আর এর নতুন চারটি ইউনিয়ন গঠনের পর এর নামকরণ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।

শিবগঞ্জের বাসিন্দা শফিউল আলম, আইনজীবী আশরাফুল ইসলাম সুজা ও জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মোকামতলা পৌরসভা হওয়ায় আমরা আনন্দিত।

সরেজমিনে মোকামতলা গেলে সেখানকার মানুষ জানান, পৌরসভা হওয়ায় তারা আনন্দিত। কিন্তু হাফ কিমি দূরের দুটি গ্রামকে পৌরসভার আওতায় নেওয়া হয়নি। চার কিমি দূরের চাকলমা গ্রামকে পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়েছে।

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য

নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন

ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

র‍্যাবের অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার

জৈব সার বিতরণে অনিয়ম, কৃষি কর্মকর্তা বদলি

ধামইরহাটে ৫ কষ্টি পাথরের মূর্তি পাহাড়পুর বৌদ্ধ বিহারে হস্তান্তর

চেম্বারে ঢুকে আইনজীবীর ওপর হামলা, যুবক আটক

যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন বসতবাড়ি, ফসলী জমিসহ শিক্ষা প্রতিষ্ঠান