হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে একজন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিএনপির গ্রুপিং দ্বন্দ্বের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনায় পণ্ড হয়ে গেছে। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে অনুষ্ঠানের অতিথি না করায় তার অনুসারীরা লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে মঞ্চ, চেয়ার-টেবিল ভাঙচুর, ব্যানার ছিঁড়ে ফেলা এবং রান্না করা খাবার নষ্ট করে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও বিদ্যালয়ের অন্তত ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম জানান, দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসরে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদারকে। বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) মোছা. শাহীনা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) মো. কামরুজ্জামান শেখ, জেলা বিএনপির সাবেক মৎস্যবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদারকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তিনি বলেন, অনুষ্ঠান শুরুর আগেই উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সরদার, সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলম প্রামাণিকসহ ১২ থেকে ১৫ জন লাঠিসোটা নিয়ে মঞ্চে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় চেয়ার-টেবিল ভাঙচুর, ব্যানার ছিঁড়ে ফেলা এবং রান্না করা খাবার নষ্ট করে অনুষ্ঠানটি পণ্ড করে দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফজলুর রহমান বলেন, স্থানীয় বিএনপির গ্রুপিং দ্বন্দ্বের কারণেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে অতিথি না করায় তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং এতে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ধরনের হামলা রাজনৈতিকভাবে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা করে সাংগঠনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) মোছা. শাহীনা আক্তার বলেন, অতিথিরা অনুষ্ঠানে পৌঁছানোর আগেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সরদার এবং সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলম প্রামাণিকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই ঈশ্বরদী-আটঘরিয়া এলাকায় বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিং আরো প্রকট আকার ধারণ করেছে। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বাধীন পক্ষের সঙ্গে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর অনুসারীদের বিরোধ দীর্ঘদিনের।

স্থানীয়দের মতে, এই দ্বন্দ্বের জের ধরেই মাঝেমধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে। যার সর্বশেষ উদাহরণ জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড হওয়ার ঘটনা।

জেডএম

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য

নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন

ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

র‍্যাবের অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার