বগুড়ার মোকামতলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পথসভায় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, দেশের জনগণ এখন পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে এবং একটি গণমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। যারা চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে জড়িত তারা দেশের শত্রু।
বগুড়ার মোকামতলা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভা বুধবার (১৫ জুলাই) বিকাল ৫টায় মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়। মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়াও পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, এনসিপি বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ।
সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুস সবুর সুমন, জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুহিন, সদস্য সচিব সৈকত আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পথসভা শেষে তারা জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন।