হোম > সারা দেশ > রাজশাহী

বালুবাহী বাল্কহেড চলাচলে হুমকির মুখে শতকোটি টাকার বেড়িবাঁধ

আল ইমরান মনু, চৌহালী (সিরাজগঞ্জ)

বাল্কহেড চলাচলের কারণে সিরাজগঞ্জের চৌহালীতে পূর্ব তীররক্ষা বাঁধসংলগ্ন এলাকায় ভাঙন। আমার দেশ

যমুনার পানি কমতে শুরু করায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বালুবাহী বাল্কহেড চলাচলের কারণেই পূর্ব তীররক্ষা বাঁধসংলগ্ন এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে শতকোটি টাকার তীররক্ষা বাঁধ।

নদীর তীর ও উপজেলা সদর রক্ষার্থে যমুনায় বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে এলাকাবাসী দফায় দফায় বিক্ষোভ করছে। পূর্ব তীর দিয়ে অব্যাহতভাবে বাল্কহেড চলাচলের কারণে প্রায় পাঁচ শতাধিক বসতি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। এছাড়া ঝুঁকিতে রয়েছে উপজেলা পরিষদসহ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও হাটবাজার।

জেলার মানচিত্রে চৌহালীর অবস্থান থাকলেও দুর্গম যোগাযোগব্যবস্থা ও বারবার নদীভাঙনের কারণে উপজেলা সদর কার্যত জেলা সদর থেকে বিচ্ছিন্ন। স্থানীয়দের দাবি, যমুনা নদী দিয়ে রাতদিন বালুবাহী বাল্কহেড চলাচলই বর্তমানে নদীভাঙনের প্রধান কারণ।

এদিকে বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুকুরিয়া পশ্চিমপাড়া থেকে ভূতের মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে শুধু জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। ডাম্পিং তীরের খুব কাছ দিয়ে এসব বালুবাহী বাল্কহেড চলাচল করায় বিভিন্ন জায়গায় জিও ব্যাগ ধসে যাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বাঘুটিয়া ও খাসপুকুরিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম। স্থানীয়দের দাবি, দ্রুত বাল্কহেড চলাচল বন্ধ করে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করলে রক্ষা পাবে অবশিষ্ট অংশ।

ভাঙনকবলিত এলাকার বাসিন্দা আবুল বাশার জানান, কয়েক দিন ধরেই যমুনায় তীব্র ভাঙন চলছে। তার দাবি, বালুমহালের শত শত বাল্কহেডের অবাধ চলাচলই বর্তমানে নদীভাঙনের মূল কারণ।

চৌহালী থানার ওসি মো. মতিউর রহমান বলেন, বাল্কহেড আটকাতে স্থানীয়রা যমুনার তীরে জড়ো হয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বাল্কহেড চলাচল বন্ধ করা হয়েছে। তবে কয়েকটি বাল্কহেড নাব্যতা সংকটের কারণে আটকে আছে। এগুলো চলে গেলে আর নতুন করে কোনো বাল্কহেড চলবে না।

সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুর রহমান জানান, তিনি যমুনা নদীর তীরে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন এবং বাল্কহেড চলাচল বন্ধ করেছেন।

জামিনে মুক্ত হলেই আ. লীগ নেতাকর্মীদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশ

রাজশাহীতে ‘অদম্য নারী সম্মাননা’ পেলেন ৪০ জন

চাঁপাইনবাবগঞ্জে ১ ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

চৌহালীতে হুমকির মুখে শতকোটি টাকার তীর রক্ষা বাঁধ

বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি হত্যা

মাদকসেবীদের তালিকা চাই: এমপি আব্দুল আজিজ

মেগা প্রকল্প হবে, মেগা দুর্নীতি নয়: জিএম সিরাজ

আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে জামায়াতের এমপি মিজানুর

সীমান্ত থেকে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কণ্ঠ নকল করে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক