হোম > সারা দেশ > রাজশাহী

যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬, দুজনের অবস্থা গুরুতর

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

নাটোরের নলডাঙ্গা উপজেলায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার পিঁপরুল ইউনিয়নের বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব থেকে চলে আসা বিরোধের জেরে শুক্রবার বিকেলে যুবদলের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন পিঁপরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরব আলী, তার পরিবারের তিন সদস্য এবং প্রতিপক্ষ একই ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি লিটন ও রিপনসহ অন্তত ছয়জন। প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত রিপনের হাতের দুটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া আরব আলীও মারাত্মকভাবে আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে গুরুতর আহত রিপন ও আরব আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য আহতরা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের দাবি, উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র ব্যবহারের কারণে শুক্রবারের সংঘর্ষে বড় ধরনের হতাহতের আশঙ্কা তৈরি হয়।

জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম বলেন, এটি রাজনৈতিক নয়, বরং দুই পরিবারের পারিবারিক বিরোধের ফল। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, দুই পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ও মামলা চলমান রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

সকলের প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে: মিলটন

আসামিকে না পেয়ে স্ত্রী ও ভাই-ভাবীকে পুলিশের মারধর

ওয়ান স্টপ সার্ভিস চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর

চাটমোহরে বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াত নেতাসহ আহত ৫

কলেজছাত্র হত্যার ১৩ বছর পর দুই আসামির যাবজ্জীবন

শিবগঞ্জ সীমান্তে ১০০ বোতল ইস্কাফসহ চোরাকারবারি আটক

ভারতীয় তরুণের সঙ্গে প্রেম, ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

বালুবাহী বাল্কহেড চলাচলে হুমকির মুখে শতকোটি টাকার বেড়িবাঁধ

জামিনে মুক্ত হলেই আ. লীগ নেতাকর্মীদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশ

রাজশাহীতে ‘অদম্য নারী সম্মাননা’ পেলেন ৪০ জন