রাজশাহীর গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন চার শতাধিক কৃষক। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার হাতনাবাদ এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে প্রায় ৩০ মিনিট পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা। তারা কৃষকদের সঙ্গে কথা বলেন। কৃষকদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং চাহিদা অনুযায়ী সার সরবরাহের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতনাবাদ এলাকায় বিসিআইসির সার ডিলার মেসার্স মানিক ট্রেডার্স এবং এর পাশেই বিএডিসির ডিলার মেসার্স মোশাররফ হোসেনের প্রতিষ্ঠান রয়েছে। মানিক ট্রেডার্সে ১৫০ বস্তা ডিএপি সার মজুত ছিল। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাবিবুর রহমান ওই সার বিক্রি করেন। বিকেলে পাশের মোশাররফ হোসেনের গুদামে থাকা আরো ১৫০ বস্তা ডিএপি সার বিক্রির কথা ছিল। তবে মজুতের তুলনায় উপস্থিত কৃষকের সংখ্যা বেশি হওয়ায় সবাই সার পাবেন না—এমন আশঙ্কা থেকে তারা সড়ক অবরোধ করেন।
পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাবএদিকে, সার নিয়ে কোনো সংকট নেই বলে দাবি করেছেন ডিলার হাবিবুর রহমান। তার অভিযোগ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম নতুন ডিলারশিপের জন্য আবেদন করেও পাননি। ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের ভাই মাইনুল হক। এ কারণে পরিস্থিতি ঘোলাটে করতে মাহফুজুর রহমান ডালিম কৃষকদের দিয়ে মহাসড়ক অবরোধ করিয়েছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজুর রহমান ডালিম। তিনি বলেন, আমিই কৃষকদের শান্ত করতে গিয়ে গালাগাল শুনলাম, ধাক্কা খেলাম, লাঞ্ছিত হলাম। আর আমার কথা বলছে? হায় হায়! তার দাবি, সেখানে চার-পাঁচশ কৃষক বিক্ষোভ করেছেন। পরিস্থিতি ভয়াবহ ছিল।
ইউএনও ইসরাত জাহান বলেন, প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ ছিল। এতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং কৃষকদের শান্ত করেছি। তাদের কিছু অভিযোগ ছিল। সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছি। তারা পর্যাপ্ত সারের দাবিও জানিয়েছেন। আমরা বলেছি, যেসব কৃষক চাষাবাদ শুরু করেছেন, তাদের তালিকা আমাদের কাছে রয়েছে। সেই তালিকা অনুযায়ী সবাইকে সার দেওয়া হবে। এরপর তারা অবরোধ তুলে নিয়েছেন।
এআরবি