হোম > সারা দেশ > রাজশাহী

শ্রমিক দল-শ্রমিক ইউনিয়ন সংঘর্ষে রণক্ষেত্র, ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল

রাজশাহী অফিস

রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্রের মহড়া দিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিযোগ উঠেছে, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল নিয়ে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সময় পাখির অনুসারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করে কার্যালয়ের নিয়ন্ত্রণ নেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল ইসলাম পাখি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান । তার দায়িত্ব গ্রহণের পর থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়তে থাকে। বুধবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাখির অনুসারীদের হাতে কয়েকজন সাধারণ শ্রমিক লাঞ্ছিত হন বলে অভিযোগ উঠে।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা পাখিকে অবরুদ্ধ করে ইউনিয়ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং নির্বাচনের দাবি তোলেন।

দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে রূপ নেয় বৃহস্পতিবার । দুপুর থেকেই শিরোইল এলাকায় অবস্থান নেন পাখির বিরোধী শতাধিক শ্রমিক। অপরদিকে, নগরীর রেলগেট এলাকায় জড়ো হন পাখির সমর্থকরা। দুই পক্ষের হাতেই রড, পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।

বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে মিছিল শিরোইলের দিকে অগ্রসর হন পাখি। সেখানে পৌঁছেই শুরু হয় ককটেল বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীদরা জানায়, ৫ থেকে ৬টি ককটেলের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

ককটেল বিস্ফোরণ ও সশস্ত্র মহড়ার মুখে প্রতিপক্ষ শ্রমিক নেতারা পিছু হটতে বাধ্য হন। সুযোগে কার্যালয় দখল করেন তিনি।

এসময় আশপাশের এলাকায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। দোকানপাট, ভবনের কাঁচ ও একাধিক মোটরসাইকেল ভেঙে ফেলা হয়।

স্থানীয়রা জানান, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও তাদের কার্যকর কোনো ভূমিকা দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, পুলিশ ঘটনাস্থলে থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে না এসে অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

তাণ্ডব শেষে হামলাকারীরা পুনরায় রেলগেট এলাকার দিকে ফিরে যায়। তবে সংঘর্ষের পর থেকে শিরোইল বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এমই

রাবিতে প্রথমবার সামাজিক বিজ্ঞান ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৩ শিক্ষক-শিক্ষার্থী

ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষে গুলি, ককটেল বিস্ফোরণ

শাজাহানপুরে ইট-বালু ব্যবসার দ্বন্দ্বে দিনদুপুরে যুবক খুন

জয়পুরহাটে পুকুরে ডুবে দুই শিশু সহদোরের মৃত্যু

ইটভাটার তাপে পুড়ছে ফসল, বিপর্যস্ত কৃষকের স্বপ্ন

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

শিবগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, ৩ শিক্ষককে অব্যাহতি

লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি, তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

পাম্পে ডিজেল নিতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু