হোম > সারা দেশ > রাজশাহী

আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে বৃষ্টি হলেই যাত্রীদের দুর্ভোগ

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মের যাত্রীছাউনি। ছবি: আমার দেশ

সংস্কারের অভাবে নানাবিধ সমস্যায় জর্জড়িত হয়ে পড়েছে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। যাত্রী ছাউনির টিন ঝাঁঝরা, প্ল্যাটফর্মের ইট উঠে গর্তের সৃষ্টি হয়েছে । ফলে সামান্য বৃষ্টি হলেই বেড়ে যায় যাত্রীদের দুর্ভোগ।

জানা গেছে, নওগাঁ জেলার মধ্যে রয়েছে তিনটি রেলওয়ে স্টেশন। ভৌগোলিক দিক থেকে আত্রাইয়ের আহসানগঞ্জ ঐতিহ্যবাহী ও বৃহৎ গুরুত্বপূর্ণ একটি স্টেশন। এ স্টেশনে ঢাকা-চিলাহাটি ও ঢাকা-পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী দুই জোড়া আন্তঃনগর, রাজশাহী-চিলাহাটি ও রাজশাহী-পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী তিন জোড়া আন্তঃনগর ও এক জোড়া মেইল ট্রেন, খুলনা- চিলাহাটির মধ্যে চলাচলকারী এক জোড়া আন্তঃনগর ট্রেনের স্টপেজ রয়েছে।

ফলে প্রতিদিন এ স্টেশন থেকে শত শত যাত্রী ট্রেনযোগে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন। এসব ট্রেন যাত্রীদের প্ল্যাটফর্মে অবস্থাকালীন চরম ভোগান্তি পোহাতে হয়। চলতি বর্ষা মৌসুমে এ ভোগান্তি আরো প্রকট আকার ধারণ করেছে। প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই যাত্রী ছাউনির টিন ঝাঁঝরা হয়ে যাওয়ায় প্ল্যাটফর্মজুড়ে পানি পড়ছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। কয়েক বছর থেকে প্ল্যাটফর্মের উত্তরাংশে টিনের ছাউনি ঝাঁঝরা হয়ে আছে। এছাড়াও প্ল্যাটফর্মে বিছানো ইট উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় যাত্রী ছাউনির সব পানি ঢুকে সমগ্র প্ল্যাটফর্মে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে যাত্রীদের দাঁড়ানো মতো ঠাঁই থাকে না। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। এদিকে এ প্ল্যাটফর্মে যাত্রীদের বসার কোনো ব্যবস্থা নেই। তাই দাঁড়িয়ে থেকেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। বিশেষ করে ট্রেন যখন বিলম্বে চলাচল করে তখন এ দুর্ভোগ আরো বেড়ে যায়।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, এ স্টেশন থেকে প্রতিমাসে লক্ষাধিক টাকার রাজস্ব আদায় হয়। রাজস্ব আয় বাড়লেও এখানে বাড়েনি যাত্রীসেবার মান। এ নিয়ে জনমনে রয়েছে ব্যাপক ক্ষোভ। আত্রাই উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম বলেন, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন একটি জনগুরুত্বপূর্ণ হওয়ার পরও এ স্টেশনের উন্নয়ন না হওয়ায় আমরা হতাশ। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার আহম্মাদ হোসেন মাসুম আমার দেশকে বলেন, আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে যাত্রী ছাউনি সংস্কারের জন্য কয়েক মাস আগে একটি দরপত্র আহ্বান করা হয়েছিল।

কিন্তু সেই দরপত্রে কোনো ঠিকাদার অংশগ্রহণ না করায় তা বাতিল করা হয়েছে। নতুন করে আবারও খুব দ্রুত দরপত্র আহ্বান করা হবে। আমরা চেষ্টা করছি আগামী অর্থবছরের মধ্যেই কাজ সম্পন্ন করার।

জাতীয় সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু আমার দেশকে বলেন, বিগত সরকার উন্নয়নের নামে শুধু লুটপাট করেছে। আমার জানামতে এ প্ল্যাটফর্মের সংস্কারকাজেও একটি বরাদ্দ ছিল। বিগত আওয়ামী সরকারের লোকজন কাজ সম্পন্ন না করেই টাকা লুটপাট করেছে। আমি জাতীয় সংসদে এ স্টেশনের উন্নয়নের জন্য দাবি জানিয়েছি। আশা করি অল্প দিনের মধ্যেই কাজ শুরু করা হবে।

হুমকির মুখে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ

চাঁপাইয়ে নলকূপ থেকে বের হচ্ছে ফুটন্ত পানি ও গ্যাস

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রুয়েটের হলে গাঁজা সেবনকালে ৪ শিক্ষার্থী আটক

পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজন হত্যা

প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার

সিংড়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৬

ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক মেহেদী

আ.লীগ নেতার ডকইয়ার্ড নির্মাণে হুমকির মুখে শহররক্ষা বাঁধ

পোরশা সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয় জনতা