বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পেট্রোল পাম্প ও ডিপো পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে। আমাকে পেট্রোল পাম্প ও ডিপো পাহারা দিতে হচ্ছে। প্রতিদিন পাম্পে যে তেল দিই, তা বেচতে এক থেকে দেড় দিন লাগার কথা; কিন্তু এখন সেই তেল দুই ঘণ্টায় শেষ হয়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী ইকবাল মাহমুদ বলেন, কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি। বাংলাদেশের সৃষ্টি হয়েছে নিজের অধিকার, নিজের পতাকা, নিজের মাটির জন্য। যারা ষড়যন্ত্র করে, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। তাদের মানতে হবে এ দেশে স্বাধীনতা যুদ্ধে দেশের লাখ লাখ মানুষ রক্ত দিয়েছে।
মন্ত্রী মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, তেল চুরি রোধে মুক্তিযোদ্ধাদেরও কাজ করতে হবে। শুধু বুকে ‘অতন্দ্র প্রহরী’ লিখে রাখলে চলবে না। প্রত্যেক মুক্তিযোদ্ধার দায়িত্ব হয়ে গেছে রাস্তায় নামা এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা রক্ত দিয়েছি, আমরা পতাকা এনেছি, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পৃথিবীতে পরিচিত করেছি, সেই জিনিসটা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, আমরা একটি ধর্মভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। ধর্ম দিয়ে রাষ্ট্র হয় নাÑতার উদাহরণ হলো পাকিস্তান। পাকিস্তান ধর্ম দিয়ে লড়াই করতে করতে আজ কী অবস্থা, তা সবাই জানে। জিয়াউর রহমান সেদিন যদি ওই আলো না দেখাতেন, তাহলে বাঙালি জাতি যেভাবে হতাশ হয়ে গিয়েছিল, আসলেই কিন্তু এই পতাকা ও মানচিত্র পাওয়া খুব কঠিন হতো।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল প্রমুখ।