নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার আইডি হ্যাকিং এবং অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানার পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লালপুর থানার এসআই মুনসুপ আলী ও এসআই আল মাসুমের নেতৃত্বে এএসআই আনছার আলীসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামের রফিজ মন্ডলের বসতবাড়ির শয়নকক্ষ থেকে অভিযুক্তদের আটক করা হয়।
লালপুর থানা সূত্রে জানা যায়, আটককৃতরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে প্রবাসীদের হোয়াটসঅ্যাপ হ্যাক করত। এরপর ফেসবুক, মেসেঞ্জার ও ইমো আইডিতে বেআইনিভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত।
গ্রেপ্তারকৃতরা হলো— উপজেলার পানসিপাড়া গ্রামের রফিজ মন্ডলের ছেলে বাসেদ আলী (১৭), আশরাফ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (১৯), বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮), নওপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে লালন আলী (২১), শাহিনুর রহমানের ছেলে শাকিল (১৯)।
লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন, তাদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।