পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে।
নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার (৫ এপ্রিল) সকাল দশটায় তাদের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ ও ডুবুরির দল। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় নৌকাডুবির ঘটনা ঘটে।
সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নৌকাডুবিতে মারা যাওয়া হৃদয় প্রামাণিক (২৩) পাবনা সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে। মৌ আক্তার (১৯) হৃদয়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবারিয়ায় কাঞ্চন পার্কে পদ্মা নদী এলাকায় বেড়াতে যান বিভিন্ন এলাকার অনেক মানুষ। একপর্যায়ে তারা ২০ থেকে ২৫ জনসহ শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। নদীর মাঝখানে হঠাৎ স্রোতে ডুবে যায় নৌকাটি। পরে স্থানীয়দের সহায়তায় সবাই নদী পার হতে পারলেও স্বামী-স্ত্রী নিখোঁজ হয়।
সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে শুক্রবার তাদের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। সকাল দশটায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।