আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে বিভাগীয় প্রশাসন।
গতকাল বুধবার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ এ কথা জানান।
তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে তিনি সতর্ক করেন।
তিনি জানান, নির্বাচনকালীন সময়ে গোয়েন্দা নজরদারি, টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বিভাগীয় পর্যায়ে একটি কোর কমিটি সক্রিয় রয়েছে।
বিভাগীয় কমিশনার আরো জানান, নির্বাচন উপলক্ষে পুরো বিভাগে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় মোট এক লাখ ৪ হাজার ৬৬ জন সদস্য মোতায়েন করা হচ্ছে।
বিভাগটিতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর ১০ হাজার, বিজিবির চার হাজার ১২৩, রাজশাহী রেঞ্জ পুলিশের ১৩ হাজার ৭৯৬, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দুই হাজার ৪০৫, র্যাবের এক হাজার ছয়জন এবং আনসারের ৭২ হাজার ৭৩৬ জন সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি আসনে গড়ে দুই হাজার ৬৬৮ জন সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া, পাঁচ হাজার ২৬৬টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দুই হাজার ৩১৮টি বডি ওর্ন ক্যামেরা থাকবে।
রাজশাহী বিভাগে এবার মোট পাঁচ হাজার ২৮৭টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৭৬৭টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে প্রশাসন।