গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার সকাল ১১টায় বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এতে রাজশাহী বিভাগের ৭ জেলার ৫১ জন সাংবাদিক এবং তাদের পরিবারের ৪৬ জন মেধাবী সন্তানের মাঝে শিক্ষা বৃত্তি ও সাংবাদিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আবদুল বাছির (বাছির জামাল)–এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, কিছু পেশা রয়েছে যেগুলোকে রাষ্ট্র ও সমাজকে পৃষ্ঠপোষকতা দিতে হয়। জ্ঞান ও মেধাভিত্তিক পেশা দিয়ে সাধারণত বিত্তবান হওয়া যায় না। সাংবাদিকতাও তেমন একটি পেশা। একজন সাংবাদিক যদি আমৃত্যু এই পেশায় নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে তিনি সহজে বিত্তবান হতে পারেন না। কারণ এই পেশায় জ্ঞান, আদর্শ ও দায়িত্ববোধ সবচেয়ে বড় বিষয়।
বগুড়ায় টেলিভিশন কেন্দ্র স্থাপনের বিষয়ে তিনি বলেন, মরহুম বেগম খালেদা জিয়া এখানে একটি টিভি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।
বগুড়ায় বেতার কেন্দ্র স্থাপন প্রসঙ্গে তিনি জানান, কাহালু বেতার কেন্দ্র পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়া প্রেসক্লাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেহেতু এই প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর বর্তমান প্রধানমন্ত্রী ২০০৩ সালে স্থাপন করেছিলেন, তাই এটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস স্বাগত বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি এবং সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
পরে জুম্মার নামাজের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী বগুড়া প্রেসক্লাব পরিদর্শন করেন। এরপর তিনি বগুড়ার কাহালু বেতার কেন্দ্রও পরিদর্শন করেন।