রাজশাহীর পদ্মার দুর্গম চর আষাড়িয়াদহের হাজারো মানুষের জন্য চিকিৎসাসেবা দীর্ঘদিন ধরেই ছিল কঠিন বাস্তবতা। ভৌগোলিক বিচ্ছিন্নতা, অনুন্নত যোগাযোগব্যবস্থা ও আর্থিক অসচ্ছলতার কারণে এলাকার ৪০ হাজারের বেশি মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এমন বাস্তবতায় মানবিক দায়িত্ববোধ থেকে চরাঞ্চলবাসীর পাশে দাঁড়িয়েছে বিজিবি।
গত শনিবার রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর উদ্যোগ ও অর্থায়নে চর আষাড়িয়াদহ এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এতে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
জনদুর্ভোগ লাঘবে আয়োজিত মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দিতে বিজিবির একজন চিকিৎসকসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ সাত চিকিৎসক ছিলেন। চিকিৎসা কার্যক্রমে সহায়তার জন্য রাজশাহী সেক্টরের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসারও উপস্থিত ছিলেন।
দিনব্যাপী পরিচালিত এই কার্যক্রমে নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।
তিনি আরো বলেন, চরাঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা থেকে অনেকটাই বিচ্ছিন্ন। তাদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন (৬৫) বলেন, চর থেকে শহরে গিয়ে ডাক্তার দেখানো আমাদের জন্য খুব কষ্টকর। বিজিবি আমাদের এলাকায় এসে চিকিৎসা ও ওষুধ দিয়েছে, এতে আমরা অনেক উপকৃত হচ্ছি।
চড় আষাড়িয়াদহ ইউনিয়নের সদস্য আব্দুল হাই বলেন, এই চরাঞ্চলে ৪০ হাজারের অধিক জনসংখ্যার জন্য একটি মাত্র স্বাস্থ্য কম্পেলেক্স। সেটিতে কয়েক বছর থেকে ডাক্তার নেই, এক প্রকার বন্ধ রয়েছে, নেই কোনো চিকিৎসা সেবা। বিজিবির পক্ষ থেকে মাঝে মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প হয় তবে এবারের মেডিকেল ক্যাম্প সর্ববৃহৎ পসিরে হচ্ছে।