রাজশাহীর তানোর উপজেলায় সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানের মালিকানাধীন বরেন্দ্র ভবনে ঢুকে সার্ভার ও কন্ট্রোল রুমে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তানোর বাজারের কুঠিপাড়া রোডে অবস্থিত বরেন্দ্র ভবনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটির কারণে অফিস বন্ধ থাকায় ভবনে কেউ না থাকার সুযোগে কুঠিপাড়া গ্রামের খাজেমের ছেলে সোহাগ (২৫) ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তিনি ভবনের চারতলায় অবস্থিত বরেন্দ্র ক্যাবল টিভি নেটওয়ার্কের সার্ভার রুম ও কন্ট্রোল রুমে ঢুকে প্রায় কোটি টাকার যন্ত্রপাতি ভাঙচুর করেন।
ঘটনাটি টের পেয়ে পথচারীরা পুলিশে খবর দিলে তানোর থানা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। এ সময় তিনি ইট ছুড়ে জনতার ওপর হামলার চেষ্টা করেন বলেও জানা গেছে।
পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের অন্যান্য তলা অক্ষত থাকলেও অভিযুক্ত যুবক সরাসরি চারতলায় উঠে সার্ভার ও কন্ট্রোল রুমে ভাঙচুর চালান। ভাঙচুরের আগে তিনি ওই কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় তার কাছে হাতুড়ি, বড় হাসুয়া ও প্লাসসহ দেশীয় অস্ত্র ছিল।
স্থানীয় বাসিন্দা সোগান বলেন, “হঠাৎ দেখি ভবনের ভেতর থেকে ভাঙচুরের শব্দ আসছে। পরে লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দিই।’
স্থানীয় শামসুল আলম বলেন, “যুবকটি অস্বাভাবিক আচরণ করছিল। আমরা কাছে যেতে ভয় পাচ্ছিলাম। পরে সবাই মিলে তাকে নিয়ন্ত্রণে আনি।”
মামুন নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “সে ইট ছুড়ে মারছিল এবং ছাদ থেকে জিনিসপত্র ফেলছিল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।”
বরেন্দ্র ক্যাবল টিভি নেটওয়ার্কের ইলেকট্রিশিয়ান জাকির হোসেন বলেন, “সার্ভার রুমের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে এবং সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।”
প্রতিষ্ঠানটির ম্যানেজার মাসুম বলেন, “এটি পরিকল্পিত নাশকতা হতে পারে। কারণ সে সরাসরি সার্ভার ও কন্ট্রোল রুমে গিয়ে ভাঙচুর করেছে এবং আগে থেকেই বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে।”
বরেন্দ্র ক্যাবল টিভি নেটওয়ার্কের মালিক ও সাবেক পৌর মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান বলেন, “আমার ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বলে মনে হচ্ছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”