পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান। দ্বিতীয় ইউনিটের জন্য আনা এই চালানে তিনটি বিশেষায়িত লরিতে পারমাণবিক জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়েছে।
শনিবার সকাল ৬টা ৫ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে লরিগুলো রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
নতুন এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর প্রকল্পে এখন পর্যন্ত মোট ছয়টি চালানে পারমাণবিক জ্বালানি এসে পৌঁছাল। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি চালান রয়েছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। এর মধ্যে প্রথম ইউনিটে ইতিমধ্যে শুরু হয়েছে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান এ কার্যক্রম শুরুর অনুমোদন দেন।
স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। কারিগরি ভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।
প্রকল্পসংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, সব পরীক্ষা ও প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হলে চলতি নভেম্বর মাসের শেষ দিকে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত শর্ত ও অনুমোদনের ওপর নির্ভরশীল।
এমএইচ