নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার আছাড়ে নিহত হয়েছেন চাচা আব্দুল জব্বার (৭৫)। ঘটনার পর বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত ভাতিজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার ছোট মহেশপুর গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে।
আটকরা হলো—নিহতের ভাই আব্দুল হাইয়ের ছেলে চপল, মৃত ময়েজ মন্ডলের ছেলে আজাহার আলী ও আজাহার আলীর ছেলে শাকিব হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল জব্বারের সাথে তার ভাই আব্দুল হাইয়ের ছেলে চপলসহ অন্যান্য শরীকদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। পানি যাওয়ার জন্য বাড়ির পাশ দিয়ে নালা (ড্রেন) থাকার পরও সোমবার দুপুরে বৃষ্টি হওয়ায় চপল, আজাহার আলী ও তার ছেলে শাকিব হোসেনসহ বেশ কয়েকজন আব্দুল জব্বারের বাড়ির জায়গা দিয়ে পানি যাওয়ার নালা তৈরি করে। এ সময় আব্দুল জব্বার তাদেরকে নালা করতে নিষেধ করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চপলসহ অন্যরা বৃদ্ধ আব্দুল জব্বারকে মারপিট করতে থাকে। এ সময় ভাতিজা চপল তার চাচা আব্দুল জব্বারকে ফিল্মি স্টাইলে শূন্যে তুলে আছাড় মেরে মাটিতে ফেলে দেয় এবং এতে চাচা আব্দুল জব্বারের মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।