সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে থাকায় নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় তরুণরা ক্রীড়া চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পরপরই পানি জমে থাকে এবং তা দীর্ঘ সময়েও নিষ্কাশন হয় না। কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মাঠটি বছরের বড় একটি সময় খেলাধুলার অনুপযোগী অবস্থায় থাকে। যার ফলে একদিকে যেমন শিক্ষার্থীদের চলাচল বিঘ্নিত হচ্ছে, অপর দিকে নিয়মিত ক্রীড়া চর্চা ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, এই মাঠটি চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়সহ আশপাশের প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার তরুণদেরও প্রধান ক্রীড়া কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাঠটি অচল হয়ে পড়ায় এখন নিয়মিত খেলাধুলা কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুকিত বলেন, দীর্ঘদিন ধরে মাঠে জলাবদ্ধতা রয়েছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।
দশম শ্রেণির শিক্ষার্থী রনি আহমেদ বলেন, আগে প্রতিদিন বিকেলে আমরা মাঠে খেলতাম। এখন পানি জমে থাকায় খেলাধুলা করা সম্ভব হচ্ছে না। অনেকেই এখন মোবাইল ফোনে সময় কাটাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে পানি নিষ্কাশন ব্যবস্থা ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে মাঠটি আবারও খেলাধুলার উপযোগী হয়ে উঠবে এবং শিক্ষার্থী ও তরুণরা ফিরে পাবে সুস্থ ক্রীড়া পরিবেশ।
এমএইচ