নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ, শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএএফ)। তবে বিজিবির প্রতিরোধের মুখে তারা আর বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। সংবাদ পাওয়ার পর হাঁপানিয়া বিওপির টহল দল তাদের ভারতীয় শূন্য লাইনের অভ্যন্তরে শনাক্ত করে।
১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সংবাদ পাওয়ার পরে ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
জেডএম