পাবনার সাঁথিয়ায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় নারীসহ অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মহিষাকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার পাকুরাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মামুন হোসেন (৩০) ও বেড়া উপজেলার আমিনপুর থানার চরকান্দি গ্রামের প্রশান্ত সুত্রধরের স্ত্রী রনিতা রাণী (৪৬)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান বলেন, যাত্রী নিয়ে কাশিনাপুর থেকে বেড়ার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। মহিষাকোলা এলাকায় পৌঁছালে তাদের অটোরিকশাকে ধাক্কা দেয় পেছন থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা। এ ঘটনায় জড়িত ট্রলিচালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।