হোম > সারা দেশ > রাজশাহী

সাপাহারে প্রতারণার ফাঁদে ফেলে ১২ ভরি স্বর্ণ লুট, গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

আটক জুয়েলার্সের মালিক উজ্জ্বল কুমার- ছবি: আমার দেশ

নওগাঁর সাপাহারে এক শিশুকে প্রথমে জুস-চকোলেটের প্রলোভন, পরে ভয়ভীতি দেখিয়ে তার নিজের বাড়ি থেকেই ১২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মূল প্রতারক মোজাম্মেল হক ওরফে রায়হান শাহ (২১) এবং চোরাই স্বর্ণ কেনার অভিযোগে অঙ্গরাজ জুয়েলার্সের মালিক উজ্জ্বল কুমারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে ভুক্তভোগী উজ্জ্বল কুমার সাহার অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সাপাহার থানার পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাহাপাড়া গ্রামের উজ্জ্বল কুমার সাহার নাবালক ছেলে কুশল সাহাকে লক্ষ্যবস্তু বানান প্রতারক রায়হান। গত কয়েক মাস ধরে তিনি শিশুটিকে কখনো জুস, বিস্কুট ও চকোলেটের প্রলোভন দেখিয়ে, আবার কখনো ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে আসতে বাধ্য করেন। এভাবে দফায় দফায় তিনি মোট ১২ ভরি স্বর্ণ হাতিয়ে নেন।

গ্রেপ্তারকৃত রায়হান পোরশা উপজেলার ঠনঠনিয়াপাড়ার আ. হালিমের ছেলে। তিনি সাপাহার ইউপিপাড়ায় জনৈক জুয়েলের বাড়িতে ভাড়া থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান স্বীকার করেন যে, হাতিয়ে নেওয়া এসব স্বর্ণ তিনি পত্নীতলা থানা রোডের অঙ্গরাজ জুয়েলার্সের মালিক শ্রী উজ্জ্বল কুমারের কাছে ধাপে ধাপে বিক্রি করেছেন।

এই তথ্যের ভিত্তিতে পুলিশ পত্নীতলার ছোট চাঁদপুর গ্রামের মৃত মদন মোহনের ছেলে জুয়েলারি মালিক উজ্জ্বল কুমারকেও গ্রেপ্তার করে। উজ্জ্বল কুমারও পুলিশের কাছে স্বর্ণ কেনার বিষয়টি স্বীকার করেছেন।

অভিযানকালে পুলিশ রায়হানের কাছ থেকে স্বর্ণ বিক্রির নগদ ১৪ হাজার ৫০০ টাকা জব্দ করেছেন। সাপাহার থানার পুলিশ জানায়, রায়হান একজন পেশাদার অপরাধী এবং ইতিপূর্বে তিনি একই ধরনের অপরাধ সংঘটিত করেছিলেন।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মূল অপরাধীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে। চুরি করা বাকি স্বর্ণ উদ্ধার এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত রয়েছে।’

নিজের বাড়ির শিশুকে ব্যবহার করে দীর্ঘ সময় ধরে এমন অভিনব কায়দায় স্বর্ণ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ সুপার ঘটনাটি গভীরভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন।

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

রাজশাহীতে গাছে গাছে আমের গুটি, ভালো ফলনের আশা

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ভাঙ্গুড়া বিএনপি নেতা নিহত

যমুনা সেতুতে যানবাহনের দীর্ঘসারি, যাত্রীদের দুর্ভোগ

পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীর কারাদণ্ড

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

আওয়ামী আমলের হেলমেট বাহিনীই এখন গুপ্ত বাহিনী

আগস্টের আগে-পরে পুলিশসহ সব হত্যার বিচার হবে

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি

তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে