পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ভেড়ামারা-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ উৎসব, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী লাঠিখেলা।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও ভেড়ামারা সরকারি কলেজের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম রবিনের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবস্থলে গিয়ে শেষ হয়।
বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাহাজান আলী, জামায়াতে ইসলামীর নেতা ড. নুরুল আমিন জসিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তারের নেতৃত্বেও একটি পৃথক শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক হেলাল উদ্দিন, ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, যা ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে আয়োজন করা হয়। প্রাণবন্ত এ পরিবেশনায় দর্শনার্থীরা মুগ্ধ হন এবং গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য নতুন করে উপভোগ করেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।