হোম > সারা দেশ > রাজশাহী

যমুনার ভাঙনে দিশেহারা চরগিরিশের শত শত পরিবার

উপজেলা প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর তীব্র ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে চরগিরিশ ইউনিয়নে শত শত পরিবার। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা।

স্থানীয়দের দাবি, এক মাসে চরগিরিশ ফ্লাড সেন্টার বাজার থেকে ভেটুয়া এলাকা পর্যন্ত তিন শতাধিক বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়েকটি মসজিদ, একটি মাদ্রাসা ও বাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ঐতিহ্যবাহী এই জনপদ মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

ছকিনা বিবি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চোষা নাইগা আমাগোরে বাড়ির ভিটা নদীর মধ্যে গেল। খালি চায়া থাইকা দেইখলাম। এহোন কী করমু, কনে থাকমু আল্লাহ ছাড়া কেউ জানে না।’

ছালাল গ্রামের কৃষক রইচ উদ্দিন বলেন, এবার প্রায় দেড় মাস যাবৎ আমাদের এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের এমপি সেলিম রেজা ভাঙন এলাকা দেখে গেছেন। আশা করি, এলাকার অবশিষ্ট অংশটুকু রক্ষায় সরকার ব্যবস্থা নেবেন—এই দাবি জানাচ্ছি।

চরগিরিশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আল আমিন সরকার বলেন, যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে দ্রুত ব্যবস্থা না নিলে পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষা করা কঠিন হয়ে পড়বে। যমুনা নদী গিলে খাবে বিদ্যালয়টি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। নদী এখন বিদ্যালয়ের খুব কাছাকাছি চলে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে তিনটি বরাদ্দে ১২টি ইউনিয়নের জন্য মোট ৮৫ (৫০+৩০+৫) মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ ও ৩০ মেট্রিক টন উপজেলার সব ইউনিয়নের জন্য এবং ৫ মেট্রিক টন শুধু চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের জন্য। এ ছাড়া আরও বরাদ্দ শিগগিরই বিতরণ করা হবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ভাঙন এলাকায় জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ চলছে। তবে চরাঞ্চলের এ ভাঙন রোধে বড় ধরনের প্রকল্প প্রয়োজন। বিষয়টি সমীক্ষা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

জেডএম

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন