আইনগত জটিলতার কারণে স্থানীয় সরকার নির্বাচন হতে সময় লাগবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪টায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার হিসাবে আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন অতিদ্রুত হওয়া দরকার। কিন্তু আইনগত জটিলতার কারণে সময় লাগছে। অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এই ৫টি স্তরে অধ্যাদেশ জারি করে নির্বাচন বাতিল করেছে। এবং প্রশাসক নিয়োগের বিধান করেছে। পাশাপাশি পূর্ববর্তী সময়ে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের বিষয় সংযুক্ত করেছে।
আলম আরো বলেন, সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি উত্থাপন করেছেন। সংসদ সদস্যদের পাশ করার পর আইন মন্ত্রণালয়ের কাজ শেষ হয়ে আমাদের মন্ত্রণালয়ে আসলে আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেব৷
নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রশাসকরা দায়িত্বপালন করবেন জানিয়ে তিনি আরো বলেন, আইনগত জটিলতা শেষ হওয়ার পর একেরপর এক আমরা নির্বাচনগুলো করব৷ একসাথে সবগুলো করা সম্ভব হবে না। প্রস্তুতি, খরচ এবং নির্বাচন কমিশনের সম্মতির ব্যাপার আছে। তবে নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রশাসকরা দায়িত্বপালন করবেন।
এরআগে আজ সকালে মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন করেন। পরে রাজশাহী সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় শেষে বিকেল ৪টায় রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত হন।