জয়পুরহাটে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় আলম মন্ডল নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার বিকেলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আলম মন্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের মৃত কফিল উদ্দিন মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ১৩ বছর বয়সি ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়াশোনা করত। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২টায় মাদ্রাসা থেকে বাড়িতে এসে কাপড় পরিবর্তন করছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডল ওই শিক্ষার্থীকে পেছন থেকে জড়িয়ে ধরে খাটের ওপর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় মেয়েটি চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। পরে মেয়েটি পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বলে এবং মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১১ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেয়।
মৃত্যুদণ্ডের তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি।