সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কায় ঢাকা-বগুড়া মহাসড়ক দখল করে অবৈধভাবে পাথর মজুত ও বিক্রির কারণে যান চলাচল ঝুঁকিতে। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে প্রকাশ্যে চোরাই পাথর ক্রয়-বিক্রয়ের ব্যবসা চালিয়ে আসছেন। উত্তরবঙ্গ থেকে আসা এসব পাথর রাস্তার ধারে স্তূপ করে খুচরা ও পাইকারি বিক্রি করা হচ্ছে। মহাসড়কের একাংশ দখল করে পাথর বিক্রির কারণে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে সারিবদ্ধভাবে রাখা পাথরের স্তূপে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় মুদি ব্যবসায়ী আব্দুস ছালাম জানান, এসব পাথরের অধিকাংশই পাথরবাহী ট্রাকচালকদের কাছ থেকে চোরাইভাবে ক্রয় করা হয়। এলাকার কয়েকজন ব্যক্তি সারা বছর এই ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
স্থানীয় সচেতন মহলের দাবি, অনুমোদন ছাড়াই মহাসড়কের পাশে এভাবে পাথর মজুত ও বিক্রি সম্পূর্ণ বেআইনি। নিয়মিত তদারকি ও প্রশাসনিক ব্যবস্থা না থাকায় অবৈধ এ ব্যবসা আরও বিস্তৃত হচ্ছে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, অবৈধভাবে পাথর মজুত ও বিক্রির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমই