হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো সেই ২৮ জন নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে। বিএসএফ এখনো তাদের ফেরত নেয়নি। এমনকি তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্তও জানায়নি বিজিবিকে।

শুক্রবার সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানিয়েছেন।

বিজিবি অধিনায়ক বলেন, বৃহস্পতিবার ভোর থেকে ওই ২৮ জন সীমান্তের নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা থেকে নোম্যান্সল্যান্ডের ভারতীয় অংশের ৫০ গজ অভ্যন্তরে রয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই পতাকা বৈঠকে বিএসএফ ২৮ জনকে ঠেলে পাঠানোর কথা স্বীকার করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে বলেও বিজিবিকে আশ্বস্ত করেন বিএসএফের কর্মকর্তারা। কিন্তু পরবর্তীকালে আর কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বিজিবিকে।

শূন্যরেখায় অবস্থানকারীরা এখন চরম অমানবিক পরিস্থিতিতে পড়েছেন। তারা খোলা আকাশের নিচে তীব্র গরম আর বৃষ্টিতে অবর্ণনীয় দুভোগ পোহাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, রাতে বিএসএফ জোর করে ২৮ জনকে পুশ ইন করার চেষ্টা করে। পরে বিজিবি তাদেরকে বাধা দেয়। সীমান্তের শূন্য লাইনে তারা মানবেতর সময় পার করছে। বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তারা শুধু মুসলমান হওয়ার কারণে ভারতে তাদের নির্যাতন করা হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না।

আরেক স্থানীয় বাসিন্দা শামিম বলেন, আমরা বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় আছি। কোনোভাবেই বিএসএফের অমানবিক আচরণ মেনে নেব না।

স্থানীয় জনপ্রতিনিধি নাসিরুল ইসলাম জানান, গভীর রাত থেকে ২৮ জন ব্যক্তি শূন্য লাইনে আটকে আছে। বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করতে চায় কিন্তু বিজিবি তাদের প্রবেশ করতে দিচ্ছে না। এতে শূন্য লাইনে রাতভর তারা অবস্থান করছে। ভয় আর শঙ্কায় তাদের সময় পার হচ্ছে। খাওয়া-দাওয়া ছাড়া এবং গরমে তাদের অমানবিক জীবন পার করতে হচ্ছে।

বিজিবির তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্ত পিলার ২০৩/৬-আর সংলগ্ন এলাকা দিয়ে ওই ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর হয়। বিএসএফের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঠেলে পাঠায়। ওই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তবে বিজিবির প্রতিরোধের মুখে ২৮ জন বাংলাদেশে আসতে পারেনি। এরপর থেকেই তারা নোম্যান্সল্যান্ডে অবস্থান করছেন।

ঘটনার পর গতকাল বিকালে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এমএইচ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

আদমদীঘিতে বজ্রপাতে ছেলে নিহত, মা হাসপাতালে

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশুর মৃত্যু

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন: দুলু

সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকা প্রতারণার অভিযোগে দরিদ্র জনগোষ্ঠীর মানববন্ধন