চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, স্থাপনা ও আমবাজারের বিভিন্ন অবৈধ অবকাঠামো উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে কানসাটের গোপালনগর মোড় ও আমবাজার এলাকায় সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ করা হয়।
অভিযান চলাকালে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে সড়ক দখল ও অনিয়ন্ত্রিতভাবে স্থাপনা নির্মাণের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছিল।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, “জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ দখল, অনিয়ম ও নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, আমবাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভাগীয় সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আমচাষি, ব্যবসায়ী, আড়তদার ও হাট ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এছাড়া পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয়দের মতে, প্রশাসনের এ উদ্যোগের ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে এবং আমবাজারে শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক প্রভাব পড়বে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।