নাটোরের গুরুদাসপুরে পৃথক পাঁচ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মানজুরুল ইসলামের ছেলে নাদিম ইসলাম রুবেল (২৫) এবং গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট শিয়ানপাড়া এলাকার সায়েম উদ্দিনের ছেলে ফারুক হোসেন (২০)।
বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে নাদিম ইসলাম রুবেল ঘটনাস্থলেই নিহত হন। একই সময়ে নয়াবাজার আইড়মারী ব্রিজ এলাকায় মাছবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত হন তিনজন। এছাড়া নাজিরপুর বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ফারুক হোসেন।
গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম জানান, উপজেলার বিভিন্ন স্থানে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওহিদুজ্জামান রুবেল বলেন, দুর্ঘটনা কবলিত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে অন্তত ১৫জন হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এএস