বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। রোববার বেলা ১১টা থেকে জামাদারপুকুর এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই শতাধিক সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে রেখে চালকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা হাইওয়ে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং চাঁদাবাজি বন্ধের দাবি জানান। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় দেড় হাজার যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সড়কযোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
অবরোধের খবর পেয়ে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা করেন। প্রায় দুই ঘণ্টা পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে চালকেরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজ উদ্দিন বলেন, কোনো সিএনজিচালিত অটোরিকশা থেকে হাইওয়ে পুলিশের চাঁদা নেওয়ার সত্যতা নেই। কোনো পুলিশ সদস্যের এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেডএম