বগুড়ার ধুনট উপজেলায় মালবোঝাই চলন্ত অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এতে চালক শুকুর আলী (৭২) নিহত হন।
শনিবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে উঁচু সরু ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী গোসাইবাড়ী ইউনিয়নের চরনাটাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে।
থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুকুর আলী ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অন্যান্য দিনের মতো শনিবার সকালে স্থানীয় বাগবেড়-হরিনাথপুর বাজার এলাকা থেকে ভাড়ার চুক্তিতে লোহার তৈরি সামগ্রীবোঝই অটোভ্যান চালিয়ে মরিচতলার দিকে রওনা হন।
পথে নারায়ণপুর গ্রামের ভেতরে খুবই উঁচু সরু ব্রিজের ওপর ওঠার সময় অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কিন্ত সেখানে পৌঁছানোর আগেই পথে শুকুর আলীর মৃত্যু হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুকুর আলীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএইচ