হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে শান্তি ও সম্প্রীতির বার্তায় ঈদুল আজহার প্রধান জামাত

রাজশাহী অফিস

আমার দেশ

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশবাসীর সুখ-শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈশ্বিক শান্তি কামনা করা হয়।

ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শান্তিপূর্ণ সহাবস্থানই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে এবং সে লক্ষ্যে কাজ করে যেতে হবে।

এদিকে ঈদের প্রধান জামাত শেষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন নগরীর কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে গৃহীত পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, ছয় থেকে আট ঘণ্টার মধ্যেই নগরীর কোরবানির বর্জ্য অপসারণে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রাজশাহী ভ্রমণ গাইডে তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে এবং নগরীকে দুর্গন্ধমুক্ত রাখতে নগরবাসীর মধ্যে আগেই বর্জ্য ফেলার ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহ দিতে বিশেষ ঈদ উপহারের অর্থও প্রদান করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের অন্যান্য সিটি করপোরেশনের আগেই রাজশাহী মহানগরী সম্পূর্ণ বর্জ্যমুক্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধান জামাতে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সুবিধাজনক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে সকাল ৭টা ও সকাল ৮টায় টিকাপাড়া মহানগর ঈদগাহে পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৮টায় বড় মসজিদসংলগ্ন সাহেববাজার জিরো পয়েন্টেও ঈদের আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়। সেখানে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

এমএইচ

বগুড়ায় চামড়ার বাজারে ধস, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা

সারিয়াকান্দিতে স্বামীর হাতে স্ত্রী খুন

৬ দিনে যমুনা সেতুতে ২০ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

ঈদের আনন্দে ব্যতিক্রমী মেহেদী উৎসব

ঈশ্বরদীতে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের উদ্যোগ রসিক প্রশাসকের

গাবতলীতে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

ঈশ্বরদীর রূপপুর গ্রিনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু

হাসিনা সরকার বিদ্যুতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে

সিরাজগঞ্জে বাসের ধাক্কা সিএনজির ৪ যাত্রী নিহত