চারঘাট উপজেলায় সংবাদ প্রকাশের কারণে এক সাংবাদিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার আগে সাংবাদিককে হাত কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়।
আহত সাংবাদিক শাহিনুর রহমান সুজন, দৈনিক দিনকাল পত্রিকার চারঘাট প্রতিনিধি, বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি চারঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন চারঘাট পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন (৪৮), সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি (৪০), হৃদয় ইসলাম (২৬), আশিক ইসলাম (২৫) ও মো. রকি (৩৪)।
অভিযোগ অনুযায়ী, সাংবাদিক সুজন সম্প্রতি ‘রাতের আঁধারে সরকারি মাদ্রাসার মাটি লুট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছিলেন। প্রতিবেদনে স্থানীয় সরকারি মাদ্রাসার পুকুর খনন করে মাটি ইটভাটায় বিক্রির ঘটনা উল্লেখ ছিল।
ঘটনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান অভিযান চালিয়ে দুটি এক্সকেভেটর অকেজো করেন।
এ ঘটনায় মনিরুল ইসলাম মনি সাংবাদিককে ফোন করে প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে রাত ৯টার দিকে শহীদ মিনার এলাকায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় আলমগীর ও মনির নেতৃত্বে একদল ব্যক্তি বাঁশ ও কাঠের লাঠি দিয়ে সুজনের ওপর হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে আসার পর হামলাকারীরা পালিয়ে যায়।
সাংবাদিক সুজন বলেন, “সংবাদ প্রকাশের কারণে আমাকে টার্গেট করা হয়েছে। এখনো প্রাণনাশের হুমকি পাচ্ছি। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।”
উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, “সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন তুহিন জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।