তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা গেলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে। তিনি মাদক, চোরাচালান, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার ওপর জোর দেন।
তিনি বলেন, উপস্থিতদের বিভিন্ন বক্তব্য তিনি নোট করেছেন এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে এসব সামাজিক সমস্যা শুধু প্রশাসনের পক্ষে এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
অধ্যাপক মুজিবুর রহমান আরও জানান, তিনি ইতোমধ্যে তার দুই উপজেলায় মাদক ও জুয়া এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্রশাসনের সঙ্গে একাধিক মতবিনিময় সভা করেছেন। মাদকমুক্ত সমাজ গঠনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও চোরাচালান দমন, টাস্কফোর্স কার্যক্রম, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, যৌতুক নিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।