নাটোরের গুরুদাসপুরে এক রাতে পাঁচটি সেচ পাম্পের মোটর চুরির ঘটনা ঘটেছে। এতে চলমান কৃষি কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া, চরকাদাহ ও মশিন্দা ইউনিয়নের বামনকোলা মৌজায় সংঘবদ্ধ চোরচক্র একসঙ্গে পাঁচটি সেচ পাম্পের মোটর চুরি করে নিয়ে যায়। মোটর মালিকদের মধ্যে রয়েছেন চিতলাপাড়া গ্রামের কৃষক আবুল কাশেম মোল্লা, দেরেশ ফকির ও বজলু মোল্লা, বামুনকোলা গ্রামের কৃষক ওমর আলী ও তজের উদ্দিন প্রামাণিক।
ভুক্তভোগী কৃষকরা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই সেচযন্ত্র, বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও কৃষি সরঞ্জাম চুরি হচ্ছে। আর্থিক ক্ষতির মুখে ব্যাহত হচ্ছে কৃষকদের কৃষিকাজ। দ্রুত চুরি হওয়া সেচ পাম্পের মোটর উদ্ধারসহ জড়িত চোরদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএইচ