হোম > সারা দেশ > রাজশাহী

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

রাজশাহী চিনিকল

মঈন উদ্দিন, রাজশাহী

একদিকে হাজার কোটি টাকার পুঞ্জীভূত লোকসান, অন্যদিকে উৎপাদন খরচের অর্ধেকেরও কম দামে চিনি বিক্রি। এর সঙ্গে যুক্ত হয়েছে আখের ক্রমবর্ধমান সংকট। এমন বহুমুখী চ্যালেঞ্জ নিয়েই আজ বৃহস্পতিবার নতুন মাড়াই মৌসুম শুরু করছে রাজশাহী চিনিকল।

এদিকে, আখের দাম বাড়িয়েও চাষিদের আগ্রহ ফেরানো যাচ্ছে না। ফলে এবারও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। একসময় লাভজনক এই শিল্পপ্রতিষ্ঠানকে ঘিরে এখন লোকসানের ভার কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা।

চিনিকল কর্তৃপক্ষ জানায়, এবার আখের দাম মণপ্রতি ১১ টাকা বাড়িয়ে ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৩ নভেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ৬০ দিন মাড়াই চালানোর পরিকল্পনা রয়েছে। এ সময়ে ৭০ হাজার টন আখ মাড়াই করে ৩,০০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গত কয়েক বছরের অভিজ্ঞতায় পর্যাপ্ত আখের সরবরাহ নিয়ে শঙ্কা কাটছে না।

চিনিকলের আর্থিক পরিস্থিতিও ক্রমে জটিল হচ্ছে। ২০২৫-২৬ মাড়াই মৌসুম শেষে প্রতিষ্ঠানটির পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ১,০৬৪ কোটি টাকা। ওই মৌসুমেই লোকসান হয়েছে ৭০ কোটি টাকা। এর আগের মৌসুমে লোকসানের পরিমাণ ছিল প্রায় ৬৯ কোটি টাকা।

তবে পুঞ্জীভূত লোকসানকে পুরোপুরি নিট লোকসান হিসেবে দেখতে নারাজ চিনিকলের অর্থ বিভাগ। মহাব্যবস্থাপক (অর্থ) সাদ্দাম হোসেনের দাবি, স্থাবর-অস্থাবর ও মানবসম্পদের মূল্য সমন্বয় করলে নিট লোকসানের পরিমাণ কমে আসবে।

আর্থিক সংকটের পাশাপাশি চিনিকলটির উৎপাদন সক্ষমতার ব্যবহারও কমে আসছে। উৎপাদন বিভাগের তথ্যমতে, ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৬৭ কার্যদিবসে ৬,৯৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আখ সংকটে মাত্র ৪৪ দিনে উৎপাদন করা গেছে ৩,১৭১ টন। এর আগের ২০২৪-২৫ মৌসুমে চিনি উৎপাদিত হয়েছিল ৩,৫৬৭ টন। তার আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনটি মৌসুমে মোট উৎপাদন ছিল মাত্র ৪,৫৩৭ টন। প্রতিবারই আখের অভাবে নির্ধারিত সময়ের আগেই উৎপাদন বন্ধ করতে হয়েছে।

কেজিতে উৎপাদন খরচ ৩০০,

বিক্রি ১২৫ টাকায়

রাজশাহী চিনিকলের লোকসানের অন্যতম বড় কারণ উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের বিশাল ব্যবধান। বর্তমানে প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ৩০০ টাকা। অথচ সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করতে হচ্ছে ১২৫ টাকায়। অর্থাৎ প্রতি কেজিতে ব্যয়ের তুলনায় ১৭৫ টাকা কম পাওয়া যাচ্ছে।

পুরোনো যন্ত্রপাতি ও প্রযুক্তির পাশাপাশি স্বল্প সময়ের উৎপাদন কার্যক্রমও ব্যয় বাড়াচ্ছে। বছরে মাত্র দুই মাসের মতো মাড়াই চললেও প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা ও পরিচালন ব্যয় সারা বছর বহন করতে হয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তা আবুল কালাম বলেন, উৎপাদন খরচের তুলনায় কম দামে চিনি বিক্রি করায় প্রতিনিয়ত লোকসান বাড়ছে।

এক দশকে আখ চাষ কমেছে ৫৩ শতাংশ

আখের সরবরাহ কমে যাওয়াও উৎপাদন সংকটের বড় কারণ। কৃষি বিভাগের তথ্যমতে, ২০১৬-১৭ অর্থবছরে রাজশাহী কৃষি অঞ্চলে ৪০ হাজার ৮৬৭ হেক্টর জমিতে আখ চাষ হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪০ হেক্টরে। এক দশকে আখ চাষের জমি কমেছে ২১ হাজার ৫২৭ হেক্টর বা প্রায় ৫৩ শতাংশ।

চিনিকলে আখ বিক্রির পর অর্থ পেতে ভোগান্তি ও মূল্য পরিশোধে বিলম্বের কারণে চাষিদের আগ্রহ কমেছে। অনেকে আখ দিয়ে গুড় তৈরি করছেন আবার কেউ তুলনামূলক লাভজনক সবজি ও অন্যান্য ফসল চাষ করছেন। এবার নিবন্ধিত ৩,৯০০ চাষির কাছ থেকে আখ সরবরাহের আশা করছে কর্তৃপক্ষ। মাড়াই মৌসুমে মিলের অধিক্ষেত্রে মিনি আখ মাড়াইকল ও গুড় তৈরির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

লাভজনক প্রতিষ্ঠান থেকে লোকসানি শিল্প

রাজশাহীর হরিয়ানে ১৯৬২ সালে চিনিকলটির নির্মাণকাজ শুরু হয়। ১৯৬৫ সালে উৎপাদন শুরু করা প্রতিষ্ঠানটির বার্ষিক সক্ষমতা ২০ হাজার টন। ১৯৭২ সালে জাতীয়করণের পরও এটি লাভজনক ছিল। তবে আশির দশকের শেষ দিকে উৎপাদন কমতে শুরু করে। বর্তমানে এখানে ১,০০৫ জন শ্রমিক-কর্মচারী কর্মরত।

এত সংকটের মধ্যেও প্রতিষ্ঠানটি নিয়ে আশাবাদী মহাব্যবস্থাপক (অর্থ) সাদ্দাম হোসেন। তার মতে, সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে এগোতে পারলে চিনিকলে আবার সুদিন ফিরিয়ে আনা সম্ভব।

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন

নওগাঁয় বাসে আগুন, ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

হাসিনার পাসপোর্ট পাওয়া কীভাবে বিবেচিত হচ্ছে, তা স্পষ্ট করতে হবে