জয়পুরহাটের কালাইয়ে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় নাহিদ চৌধুরী (৪২) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কালাই পৌর আ.লীগের সদস্য।
গতকাল শনিবার সন্ধ্যায় কালাই পৌরসভার পাঁচশিরা বাজারের একটি চায়ের স্টল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে রোববার বেলা ১১টার দিকে পুলিশি পাহারায় তাকে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার নাহিদ চৌধুরী কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে। তিনি স্থানীয় পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের একটি বিস্ফোরক দ্রব্য ও নাশকতাসংক্রান্ত মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তার নাম আসে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কালাই থানার ওসি সাইদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক দ্রব্য ও নাশকতার মামলায় নাহিদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।