হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর টুলি বেগমের ওপর প্রধানমন্ত্রীর সহায়তার হাত

বদলাচ্ছে অটোরিকশাচালকের জীবনের গল্প

মঈন উদ্দিন, রাজশাহী

দারিদ্র্য আর জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে দীর্ঘদিন লড়াই চালিয়ে যাওয়া রাজশাহীর অটোরিকশাচালক টুলি বেগমের জীবনে এসেছে স্বস্তির ছোঁয়া। ভাড়ায় অটোরিকশা চালিয়ে সংসার টিকিয়ে রাখা এই সংগ্রামী নারী এবার প্রধানমন্ত্রীর নির্দেশে পেয়েছেন নিজস্ব একটি অটোরিকশা ও আর্থিক সহায়তা, যা তার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অন্যের অটোরিকশা ভাড়া নিয়ে চালিয়ে কোনোমতে সংসার চালিয়ে আসছিলেন রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের মালপাড়া গ্রামের বাসিন্দা টুলি বেগম। নিজের অসুস্থ মেয়ে ও নাতির পড়াশোনা, খাবার ও ভাড়া বাসার খরচ, সবকিছুর ভার তার কাঁধে। সন্তানেরা খোঁজ না নেওয়ায় জীবিকার তাগিদে তিনি বেছে নিয়েছিলেন অটোরিকশার স্টিয়ারিং।

টুলি বেগমের সংগ্রামী জীবন নজরে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার নির্দেশনায় গতকাল শুক্রবার দুপুরে টুলি বেগমের বাড়িতে গিয়ে তার হাতে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা ও আর্থিক সহায়তা তুলে দেয় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।

নরসিংদীর রায়পুরার সংসদ সদস্য ও সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে এই সহায়তা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপহার হাতে পেয়ে আবেগাপ্লুত টুলি বেগম বলেন, ‘আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।’

তিনি জানান, এত দিন ভাড়া চালিয়ে যা আয় হতো, তা দিয়ে কষ্টে সংসার চলত। এখন নিজের অটোরিকশা থাকায় কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করছেন। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, টুলি বেগমের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পরই তিনি আমাদের তাকে সহায়তা করার নির্দেশ দেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী তার পাশে দাঁড়িয়েছি।

টুলি বেগম চার বছর ধরে শহরের রাস্তায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কঠোর পরিশ্রম করার পরও নানা সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় তাকে। নারী চালক হওয়ায় অনেক যাত্রী তার গাড়িতে উঠতে চান না, ফলে প্রতিদিনের আয় অনিশ্চিত। এত কিছুর পরও অবসর সময়ে নিজের জীবনের কষ্ট ও অভিজ্ঞতা নিয়ে গান লেখেন তিনি।

টুলি বেগমের ব্যক্তিজীবনও সংগ্রামে ভরা। প্রথম স্বামী তাকে ছেড়ে চলে যান সন্তান গর্ভে থাকাকালীন। দ্বিতীয় সংসারও টেকেনি।

তিন সন্তানের মধ্যে একজন মারা গেছে, আর জীবিতদের মধ্যে একজন অসুস্থ মেয়ে তার সঙ্গে থাকে। অপর এক ছেলে আলাদা থাকে এবং সে টুলি বেগমকে মা হিসেবে স্বীকার করে না।

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী পুতুল

শিবগঞ্জে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মহাস্থানগড়ের মূর্তিগুলো আসল নাকি রেপ্লিকা, তদন্তে বিশেষজ্ঞ টিম

জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, রাজশাহীতে দিনব্যাপী কর্মসূচি

রাবিতে রাকসুর বিশেষ আয়োজন ‘বকরীদ-ই-রাকসু’