পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত মো. মামুন ইসলাম (৩০) উপজেলার সদর ইউনিয়নের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে, আকাব্বর খান (৬০) দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার লাল চাঁন মিয়ার ছেলে কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকায়নিজ কৃষিজমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই দিনে দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আকাব্বর খান। বৃষ্টির মধ্যে জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
দেবীগঞ্জ থানার ওসি আবু মুসা বলেন, পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পৃথক দুটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।
জেডএম