ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রায়হান সিরাজীর নির্বাচনি মহিলা সমাবেশে হাজারো নারীর অংশগ্রহণে জনসমুদ্রের সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে গঙ্গাচড়া উপজেলায় আয়োজিত এই নির্বাচনি মহিলা সমাবেশ ও পদচারণা কর্মসূচিতে বিপুলসংখ্যক নারী অংশ নেন। সকাল ১১টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় এক কিলোমিটারের বেশি এলাকায় পদচারণা করেন। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মো. রায়হান সিরাজী বলেন, নারীর অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার অগ্রাধিকার। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।” আসন্ন নির্বাচনে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমির মো. তাজ উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম, আশরাফুল আলম, মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মহিলা সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি আফরোজা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর কর্মপরিষদ সদস্য ও পরশুরাম থানা নির্বাচনি কেয়ারটেকার সালমা বেগম, উপজেলা সহকারী সেক্রেটারি লাইলুন্নাহার রিনা, ইসমত আরা বেগম এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমিন নাহারসহ অন্যান্য নেত্রীবৃন্দ।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে গঙ্গাচড়ায় এটি অন্যতম বৃহৎ নারী সমাবেশ। নির্বাচন ঘনিয়ে আসায় রংপুর-১ আসনে রাজনৈতিক দলগুলোর প্রচারণা কার্যক্রম দিন দিন জোরদার হচ্ছে।