হোম > সারা দেশ > রংপুর

নিজেকে ‘রাসূল’ দাবি করে ভিডিও প্রচার, ভণ্ড পীর গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নিজেকে পীর হিসেবে প্রচার করে বিভিন্ন এলাকার মানুষকে আকৃষ্ট করে দীর্ঘদিন ধরে মুরিদ তৈরি করে আসছিলেন ইসহাক আলী (৫৪) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার নিজেকে ‘রাসূল’ দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উত্তেজনা সৃষ্টির অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের পর শুক্রবার তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ইসহাক আলী উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী কাচারীপাড়া এলাকার মৃত শমসের মামুদের ছেলে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসহাক আলী নিজেকে পীর হিসেবে প্রচার করে বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে মুরিদ বানাতেন। দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়িতে সাউন্ড সিস্টেম বাজিয়ে ছেলে-মেয়েদের একত্র করে অশ্লীল কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হলেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পেতেন না।

বৃহস্পতিবার তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে নিজেকে ‘রাসূল’ দাবি করতে এবং পবিত্র কালিমা বিকৃত করতে দেখা যায়। এ ছাড়া তিনি নিজের শারীরিক লজ্জাস্থানকে আরবি হরফ ‘আলিফ’ ও কাবা শরিফ বলে দাবি করেন। একই সঙ্গে ‘লা ইলাহা ইল্লাল্লাহ ইসাহাক আলী রাসূলুল্লাহ’ বলেও দাবি করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়লে প্রতিবাদী মুসলিম জনতা তাঁর বসতবাড়িতে উপস্থিত হন। একপর্যায়ে সেখানে আরও লোকজন জড়ো হলে এলাকায় উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতা সৃষ্টির আশঙ্কায় উত্তেজিত জনতার হাত থেকে ইসহাক আলীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে স্থানীয়দের পক্ষ থেকে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজ বসতবাড়িতে নিজেকে পীর ও রাসূল দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর উত্তেজিত মুসলিম জনতা তাকে ঘিরে রাখেন এবং পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় মামলা দায়েরের পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দিনাজপুরে অচিরেই প্রতিষ্ঠা করা হবে ক্যাডেট কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ: এমপি জাহাঙ্গীর

বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে: ড. আতিক মুজাহিদ

কিশোরগঞ্জে ২৬১ এতিমের হাতে কম্বল তুলে দিল উপজেলা প্রশাসন

সন্ত্রাসীরা রাজনীতিতে বিশ্বাসী নয়, তাদের অপকর্ম রুখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরে দুই আ.লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আদিতমারীতে বিএনপি কার্যালয়ে আগুন

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন নারী

পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোসাদ্দেক ঢাকায় গ্রেপ্তার

আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই রংপুরে, স্বাভাবিক জনজীবন