দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ ও ৬ মে ফুলবাড়ী থানার পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক পৃথক মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের মনসুর আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে হযরত আলী (৩২), পশ্চিম গৌরীপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৫) এবং দাদপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে এমদাদুল হক (৪৫)।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলায় পশ্চিম গৌরীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে শওকত আলীকে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন।
এদিকে একই দিনে পৃথক অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১১০ গ্রাম গাঁজাসহ সোহাগ মোহন্ত নন্দকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে।
বুধবার আরেক অভিযানে ৪৬ লিটার চোলাই মদসহ সনতি মারডি ওরফে লতা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও ২-৩ জন অজ্ঞাতনামা আসামি পলাতক রয়েছেন।
এ ছাড়া মাদক সেবনের সময় শফিকুল ইসলাম সাজ্জাদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি শাহ আব্দুল লতিফ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।