লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রাক, মোটরসাইকেল ও গরু বহনকারী নছিমন খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে। রোববার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, একটি ট্রাক নছিমন ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে সংঘর্ষের তীব্রতায় তিনটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক নিহত হন। তিনি সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা।
এ ছাড়া মোটরসাইকেল আরোহী আহত ইমদাদুল হককে (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি নছিমনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে গরু ব্যবসায়ী ফজলুল হকের মৃত্যু হয়। পরে ইমদাদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ আরো তথ্য সংগ্রহ করছে।